চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সীতাকুণ্ড পৌরসভা এলাকায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম। এরই অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় পৌরসভা এলাকায় মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এ সময় পৌর এলাকার বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে র‍্যালি ও প্রচারণা চালানো হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাজেদুর রহমান এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।
এতে জনপ্রতিনিধি, শিক্ষার্থী, পৌরসভার কর্মী ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।