অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সপ্তম দিনের মত অচল হয়ে আছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

গত কয়েক দিনের মত সোমবারও সকাল ৮টা থেকে ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে তারা গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেন।
অন্যদিকে চুয়েট শিক্ষক সমিতিও দ্বিতীয় দিনের মত ‘সর্বাত্মক কর্মবিরতি’ পালন করে। শিক্ষকরা সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
চুয়েটের এক ছাত্রী বলেন, “এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না। আমরা একাডেমিক কার্যক্রম থেকে পিছিয়ে যাচ্ছি। আমরা দ্রুত একাডেমিক কাজে ফিরতে চাই। তাই সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহাল করা হোক।”
সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।
